নাচের ভিডিও ফাঁসকারী সন্দেহভাজন ঢাবি ছাত্রীর নাম জানালেন শিক্ষক মোনামি

ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানের নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং তা নিয়ে নেতিবাচক মন্তব্যের জেরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষিকা ও সাবেক সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। মঙ্গলবার (১৭) নভেম্বর নিজের ফেসবুকে নিশাত তাবাসসুম নামের একটি ফেসবুক অ্যাকাউন্টের ২টি স্কিনশর্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে ‘অনলি ফ্রেন্ডস’ প্রাইভেসি দিয়ে পোস্ট করা ভিডিও কীভাবে বাইরে ফাঁস হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। যদিও পোস্টে ওই ছাত্রীকে সন্দেহভাজন হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।

সম্প্রতি নিজের ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে একটি গানে নেচেছিলেন এই শিক্ষিকা। ভিডিওটি তিনি ব্যক্তিগতভাবে শুধু ফেসবুকে অনলি ফ্রেন্ডস করে পোস্ট করেছিলেন। কিন্তু পরবর্তীতে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ফ্রেন্ডলিস্টে থাকা ব্যক্তির এমন আচরণ এবং ব্যক্তিগত ভিডিও ফাঁস হওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ওই শিক্ষার্থীর (নিশাত তাবাসসুম) আইডির স্ক্রিনশট যুক্ত করে তিনি লেখেন, ‘গতকাল থেকেই আমি ভাবছিলাম ‘অনলি ফ্রেন্ডস’ পোস্টের ভিডিওগুলো কীভাবে বাইরে ফাঁস হলো… কে এই কাজটা করতে পারে! আমি সরাসরি দাবি করব না যে কাজটি সে-ই করেছে, কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই। কিন্তু এখন আমি বুঝতে পারছি, আমার ফ্রেন্ডলিস্টে এমন অনেকেই আছেন যারা মনে প্রচণ্ড ঘৃণা পুষে রেখেও নীরবে আমার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছেন। এটাও বা কেমন হিপোক্রেসি?’

ফ্রেন্ডলিস্টে থাকা সমালোচকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি আরও লেখেন, ‘ভাই, এত খারাপ যেহেতু আমি বা আমরা, তাহলে আপনি এখানে (ফ্রেন্ডলিস্টে) কেন আছেন? কেন আমাকে আগেই তালিকা থেকে বাদ দেননি? আমার ফ্রেন্ডলিস্টে থেকে আপনি কী অর্জন করতে চাইছেন?’

এর আগে বিষয়টি নিয়ে গতকালই ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। গতকাল ফেসবুক পোস্টে তিনি লেখেন, দেশে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে সংবাদমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচের ভিডিও।

নিজের নাচের বিষয়ে তিনি বলেন, তার বয়স বা শারীরিক গঠন নাচের জন্য আদর্শ কি না, তা নিয়ে তিনি চিন্তিত নন। একজন নৃত্যশিল্পীর জন্য নির্দিষ্ট বয়স বা শারীরিক গঠন অপরিহার্য – এমন ধারণার ভিত্তি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

নাচের ভিডিও প্রকাশ পেলে রাজনৈতিকভাবে বিদ্বেষী ব্যক্তিদের ট্রলের শিকার হতে পারেন, সে আশঙ্কা তার ছিল। তবে তাতে তিনি বিচলিত হননি। কারণ, এটি ছিল তার একমাত্র ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠান। ভাইয়ের বিশেষ দিনে নাচার ইচ্ছা তার অনেক দিনের। ওই অনুষ্ঠানে নেচে তিনি কোনো লজ্জা বা বিব্রতবোধ করছেন না। পরে ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেন, ‘একটার তো ভিডিও পেয়েছেন। ৫টায় নেচেছি। বেশ করেছি।’

এদিকে নিশাত তাবাসসুম ঢাবি শিক্ষিকা মোনামীর সম্পর্কে ফেসবুকে লিখেছেন, ‘সব ঠিক আছে, কিন্তু কোনোভাবেই ভণ্ডামি সমর্থন করি না। তার ভাই একজন সার্টিফাইড ভারতবিদ্বেষী ও মব সমর্থক, অথচ সে তার নিজের বিয়েতে হিন্দি গানে নাচছে? ম্যাম (শিক্ষিকা) হাদী সমর্থক, অথচ তিনি হিন্দি গানে নাচছেন? হিন্দি গান তো হারাম-এর পর্যায়ে পড়ে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *