অণ্ডকোষ ফেলে দিলে বাড়তে পারে আয়ু, গবেষণায় চমকপ্রদ ফল

বয়স্ক পুরুষ ইঁদুরের অণ্ডকোষ অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করলে তাদের আয়ু ৩৩ শতাংশের বেশি বাড়তে পারে। নতুন এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। তবে গবেষকদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, কম বয়সে নয়, বরং প্রাপ্তবয়স্ক অবস্থায় এই অস্ত্রোপচার করা ইঁদুরের আয়ু সবচেয়ে বেশি বেড়েছে।

গবেষণায় দেখা গেছে, বয়ঃসন্ধির আগে অণ্ডকোষ অপসারণ করা পুরুষ ইঁদুরের গড় আয়ু ১৯ শতাংশ বেড়েছে। বয়ঃসন্ধির পর অস্ত্রোপচার করা ইঁদুরের আয়ু বেড়েছে ২৬ শতাংশ। আর প্রাপ্তবয়স্ক অবস্থায় অস্ত্রোপচার করা ইঁদুরের আয়ু বেড়েছে প্রায় ৩৩ শতাংশ।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস হেলথ সায়েন্স সেন্টার অ্যাট সান আন্তোনিওর বারশপ ইনস্টিটিউটের বার্ধক্যবিষয়ক গবেষক জেমস নেলসন ও তার সহকর্মীরা গবেষণাটি পরিচালনা করেন।
গবেষকেরা তিনটি বয়সে পুরুষ ইঁদুরের অণ্ডকোষ অপসারণ করেন। এর মধ্যে বয়স্ক ইঁদুরগুলোর বয়স ছিল ২৪০ দিন, যা মানুষের প্রায় ৩০ বছর বয়সের সমতুল্য। অস্ত্রোপচারের পর দেখা যায়, তিনটি দলের ইঁদুরই অণ্ডকোষ অক্ষত রাখা নিয়ন্ত্রণ দলের ইঁদুরের তুলনায় বেশি দিন বেঁচেছে।
গবেষণার ফলাফলে বিস্ময় প্রকাশ করে গবেষক দলের স্নাতকোত্তর শিক্ষার্থী লরেন্স মায়েন্স বলেন, ‘খুব দ্রুতই বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে যে এটি নতুন, অপ্রত্যাশিত ও রোমাঞ্চকর একটি আবিষ্কার।’
গবেষকেরা বলছেন, বয়স্ক ইঁদুরের অণ্ডকোষ অপসারণের পরপরই তাদের মৃত্যুঝুঁকি কমে যায়। অস্ত্রোপচারের পর এক বছরের বেশি সময় পর্যন্ত ওই দলের কোনো ইঁদুর মারা যায়নি। অথচ সাধারণত এই বয়সী ইঁদুরের মৃত্যুহার বাড়তে থাকে।
গবেষকদের ধারণা, অণ্ডকোষের কিছু উপাদান জীবনের শুরুর দিকে আয়ু বাড়াতে সহায়তা করলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেগুলো ক্ষতিকর হয়ে উঠতে পারে।
নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয়ের বার্ধক্যবিষয়ক বিবর্তনীয় জীববিজ্ঞানী মাইকেল গ্যারাট বলেন, ‘জীবনের শেষের দিকে অণ্ডকোষ অপসারণ করলে বেঁচে থাকার ক্ষেত্রে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটে—এ বিষয়ে আমি নিশ্চিত।’
তবে গবেষণাটির লেখকদের আরও প্রমাণ সংগ্রহ করতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
অবশ্য অস্ত্রোপচারের পর ইঁদুরগুলোর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, এমন প্রমাণ পাওয়া যায়নি। তাদের পেশিশক্তি কমে যাওয়া এবং বার্ধক্যের অন্যান্য লক্ষণও একই গতিতে দেখা গেছে।
কেন অণ্ডকোষ অপসারণের ফলে আয়ু বাড়ে, তা এখনো রহস্য। এ বিষয়ে আরও জানতে গবেষকেরা অস্ত্রোপচার করা ইঁদুরগুলোর মৃত্যুর কারণ পরীক্ষা করার পরিকল্পনা করছেন। পাশাপাশি অণ্ডকোষ থেকে নিঃসৃত কোন উপাদান আয়ুর ওপর প্রভাব ফেলে, সেটিও শনাক্ত করতে চান তারা।
অণ্ডকোষ থেকে শরীরের ৯০ শতাংশের বেশি টেস্টোস্টেরন হরমোন উৎপন্ন হয়। তবে আয়ু বাড়ার পেছনে এই হরমোনই দায়ী, এমন সিদ্ধান্তে পৌঁছানোর সময় এখনো আসেনি বলে মনে করেন গ্যারাট। তার ভাষায়, ‘একজন পুরুষকে খোজা করলে শরীরে অনেক ধরনের পরিবর্তন ঘটে।’
গবেষকদের আশা, অণ্ডকোষ অপসারণের ফলে আয়ু বাড়ার পেছনের কারণ শনাক্ত করা গেলে এমন ওষুধ তৈরি করা সম্ভব হবে, যা অস্ত্রোপচার ছাড়াই একই ধরনের উপকার দেবে। এ ধরনের সম্ভাব্য চিকিৎসাকে বলা হচ্ছে ‘ক্যাস্ট্রেশন মিমেটিকস’ (Castration Mimetics)।
তবে গবেষকেরা সতর্ক করেছেন, এই ফলাফল এখনই মানুষের ক্ষেত্রে প্রয়োগ করার মতো পর্যায়ে পৌঁছায়নি।
গবেষণার মূল বিষয় ছিল মানুষের ক্ষেত্রে সাধারণত পুরুষদের তুলনায় নারীরা বেশি দিন বাঁচেন। কেন এমন হয়, তা বোঝার ক্ষেত্রে এই গবেষণা নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *