
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও ইটভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছেন। এতে যাত্রীবাহী বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।
শনিবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় প্রাণিসম্পদ কার্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন।
তিনি জানান, ফরিদপুর থেকে ভাঙ্গামুখী ইটবোঝাই একটি ট্রাকের সঙ্গে অপরদিক থেকে আসা যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকের সহকারী নিহত হন। এছাড়া ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর ট্রাকের চালক নিহত হন। গুরুতর আহত হয়েছেন অন্তত ৮ জন যাত্রী। তারা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ১২ জন বাসযাত্রী।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. আকতার হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এছাড়া প্রায় ২০ জন আহত যাত্রী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৮ জন গুরুতর আহত রোগীকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফরিদপুর স্থানান্তর করা হয়েছে।
Leave a Reply