ভুয়া সেনা কর্মকর্তা সেজে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রতারণা।

সেনাবাহিনীর ভুয়া পরিচয় দিয়ে চাকরির প্রলোভন দেখিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীর কাছ থেকে টাকা আত্মসাতের অভিযোগে বিনয় সুর (৪০) নামের এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভোলা রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

অভিযুক্ত বিনয় সুরের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। খোঁজ নিয়ে জানা গেছে, তিনি কখনো নিজেকে ডিবি, কখনো ডিজিএফআই, আবার কখনো সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন উপায়ে টাকা হাতিয়ে নিতেন।

ভুক্তভোগী শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজেকে সেনাবাহিনীর অফিসার পরিচয় দিয়ে বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে ক্যান্টনমেন্টে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তিন হাজার টাকা হাতিয়ে নেন বিনয়। এ ছাড়া স্থানীয় আরও চার-পাঁচজনের কাছ থেকে প্রায় ১৫ হাজার টাকা আত্মসাৎ করেছেন তিনি। শনিবার পুনরায় টাকা নিতে এলে শিক্ষার্থীদের সন্দেহ হয় এবং তারা তার প্রতারণা ধরে ফেলেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করে বরিশাল বন্দর থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী ফাহিম বলেন, ‘একদিন তার সঙ্গে পরিচয়ের পর প্রশাসনের লোক পরিচয় দেওয়ায় তার পরিচয়পত্র দেখতে চাওয়া হয়। কিন্তু তিনি জানান যে আইডি কার্ড বাসায় ভুলে ফেলে এসেছেন। তখনই আমাদের মনে সন্দেহ জাগে এবং আমরা বুঝতে পারি তিনি একজন প্রতারক।’

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ড. আব্দুল আলিম বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ধরনের বিষয় প্রক্টর দপ্তর দেখে বিধায় প্রক্টর সহযোগী অধ্যাপক মেহেদী হাসান সোহাগের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন আজ রবিবার সকালে জানান, চাকরির প্রলোভন দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ কয়েকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *