বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার (ইউএইচএফপিও) পদ দেড় মাস যাবত শূন্য থাকায় চরম বিপাকে পড়েছেন হাসপাতালে কর্মরত ডাক্তার, নার্স সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৮ আগষ্ট ইউএইচএফপিও ডা. ফখরুল ইসলাম মৃধা এ হাসপাতাল থেকে বদলী হন। এরপর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. আবুল ফাতাহ মো. নাসেরকে ভারপ্রাপ্ত ইউএইচএফপিও হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। পরবর্তীতে গত ৬ সেপ্টেম্বর জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. শ্রী তরুন কুমার পালকে (কোড-১৩৩২৫১) স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে বদলী করা হয়। বদলীর একমাস অতিবাহিত হলেও অদ্যবধি তিনি যোগদান করেননি। ফলে হাসপাতালে স্বাস্থ্য সেবা চালু থাকলেও দাপ্তরিক কাজে নানা জটিলতা তৈরি হয়েছে।
সূত্রে আরো জানা গেছে, ডা. আবুল ফাতাহ মো. নাসেরকে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্ব দেওয়া হলেও তাকে আর্থিক ক্ষমতা প্রদান করা হয়নি। ফলে তার স্বাক্ষরে অফিসিয়াল অন্যান্য কাজ হলেও বেতন-ভাতা কিংবা অন্য কোন বিল উত্তোলন করা যাচ্ছেনা। যে কারনে ৫০ শয্যা বিশিষ্ট গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২৫ জন ডাক্তার, ৩৮ জন নার্স সহ সর্বমোট ১৬১ জনের বেতন বন্ধ রয়েছে।
নাম প্রকাশ না করে হিন্দু সম্প্রদায়ের কর্মচারীরা জানিয়েছেন, কয়েকদিন পরই শুরু হবে দূর্গা পূজা। পূজার আগে অনেক কেনাকাটা থাকে। অথচ মাসের ৬ তারিখ অতিবাহিত হলেও ইউএইচএফপিও না থাকায় বেতন-ভাতা পাচ্ছিনা। বেতন-ভাতা না পেলে আমাদের এ বছর উৎসব পালন করা হবেনা।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তৌকির আহমেদ বলেন, ভারপ্রাপ্ত ইউএইচএফপিও’র হাতে আর্থিক ক্ষমতা প্রদান না করায় সেপ্টেম্বর মাসের বেতন কেউ উত্তোলণ করতে পারেনি। পাশাপাশি হাসপাতালের সকল আর্থিক কার্যক্রম আটকে আছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
এবিষয়ে বরিশাল সিভিল সার্জন ডা. মো. সাইয়েদুর রহমান জানিয়েছেন, নতুন ইউএইচএফপিও দেওয়ার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে অর্ডার হয়ে যাবে। এরপরও যদি অর্ডার হতে দেড়ি হয়। তাহলে অন্য কোন উপায়ে বেতন দেওয়ার ব্যবস্থা করা হবে।
হাসপাতালে ইউএইচএফপিও নেই দেড় মাস, বেতন বন্ধ











Leave a Reply