অবহেলায় রোগীর জীবন বিপন্ন : দুই লাখ টাকা জরিমানা

অবহেলায় রোগীর জীবন বিপন্ন : দুই লাখ টাকা জরিমান

বাংলার বার্তা ডেস্কঃ

ক্লিনিক কর্তৃপক্ষের দায়িত্বে চরম অবহেলার কারণে রোগীর জীবন বিপন্ন এবং চুক্তির টাকা কমাতে অনুরোধ করায় ভর্তি রোগীকে চিকিৎসা না করে ছাড়পত্র দিয়ে সরকারি হাসপাতালে প্রেরণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার আইনে ক্লিনিক মালিককে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদন্ডের রায় ঘোষণা করা হয়েছে। অবশেষে জরিমানার টাকা পরিশোধ করে রক্ষা পেয়েছেন ক্লিনিক মালিক মাহমুদ হোসেন মুহিত শরীফ।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাতে বরিশালের গৌরনদী উপজেলার নাহার সিনেমা হল সংলগ্ন মৌরি ক্লিনিকে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. রাজিব হোসেন।

অবহেলায় জীবন বিপন্ন হওয়া রোগীর বাবা গৌরনদী উপজেলার সুন্দরদী গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক অভিযোগ করেন, গত সোমবার (২৩ জুন) মৌরি ক্লিনিকে তার অসুস্থ্য মেয়ে ফাতেমা আক্তারকে (১৩) চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।

এ সময় কর্তব্যরত চিকিৎসক ফাতেমার অ্যাপেন্ডিসাইটিস সনাক্ত করে অপারেশনের জন্য পরামর্শ দেন। এরপর গত দুইদিন পূর্বে ফাতেমাকে ওই ক্লিনিকে ভর্তি করা হয়।

তিনি আরও অভিযোগ করেন, বৃহস্পতিবার (২৬ জুন) ফাতেমার অপারেশনের তারিখ ছিলো। এজন্য ক্লিনিক কর্তৃপক্ষ তাদের কাছে ১০ হাজার টাকা দাবি করেন।

রোগী ফাতেমার মা রাজিয়া বেগম জানিয়েছেন, তারা টাকা কমানোর অনুরোধ জানালে ক্লিনিক কর্তৃপক্ষ ক্ষিপ্ত হয়। যেকারণে তার অসুস্থ্য মেয়ের চিকিৎসা না দিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণের জন্য ছাড়পত্র প্রদান করা হয়েছে।

রাজিয়া বেগম অভিযোগ করেন, ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় চিকিৎসা না পেয়ে তার অসুস্থ্য মেয়ের জীবন এখন চরম বিপন্ন। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।

অভিযোগের বিষয়ে গৌরনদী মৌরি ক্লিনিকের পরিচালক মাহমুদ হোসেন মুহিত শরীফ বলেন, ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত স্টাফদের ভুলের খেসারত আমাকে দিতে হয়েছে। এ ধরনের ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে সেজন্য সকল স্টাফদের সর্তক করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে ওই ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযোগের সত্যতা পাওয়ায় ক্লিনিক মালিককে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদন্ডের রায় প্রদান করা হয়েছে।

পরবর্তীতে জরিমানার টাকা পরিশোধ করায় ক্লিনিক মালিককে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *