স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান।
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার গুয়ারেখা ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৩টি দোকান, পাঁচটি বসতঘর ও একটি মন্দির পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুনের সূত্রপাতের পর মুহূর্তের মধ্যেই তা আশপাশের দোকানপাট ও বসতঘরে ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতায় একের পর এক দোকান, বসতঘর ও মন্দির পুড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালেও সংযোগ সেতু ভাঙা থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি সরাসরি ঘটনাস্থলে যেতে পারেনি। এতে আগুন নিয়ন্ত্রণের কাজে বিঘ্ন ঘটে। জরুরি মুহূর্তে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারগুলো সর্বস্ব হারিয়ে চরম বিপাকে পড়েছেন। পুড়ে যাওয়া দোকান ও বসতঘরের মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা গেছে। তবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ এবং হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পরদিন সকাল ১০টার দিকে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন। একই সঙ্গে উপজেলা বিএনপির নেতাকর্মীরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানান।
ভয়াবহ এ অগ্নিকাণ্ডে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের গাড়ি চলাচল নির্বিঘ্ন করতে ভাঙা সংযোগ সেতুটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।












Leave a Reply