মনোনয়ন ফরম নেয়ার আগেই আচরণবিধি লঙ্ঘন করলেন ছাত্রদল নেতা হামিম

 

বাংলার বার্তা ডেস্কঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহের আগেই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে কবি জসিমউদদীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমের বিরুদ্ধে।

সোমবার (১৮ আগস্ট) বিকাল সাড়ে তিনটায় প্রায়  অর্ধশতাধিক নেতাকর্মীকে সাথে নিয়ে মিছিল ও স্লোগান দিতে দিতে মনোনয়ন ফরম সংগ্রহ করতে আসেন তিনি। মনোনয়ন সংগ্রহের পরও তারা সিনেট ভবনের তৃতীয় তলায় একই স্লোগান দেয়। যা নিয়ে তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, মিছিলে তারা প্রায় পশ্চাশ থেকে ষাট জনের মতো নেতাকর্মী ছিলো। তারা ‘নব্বইয়ের হাওয়া, এখনো বহমান’, ‘আমার ভাই তোমার ভাই, হামিম ভাই হামিম ভাই’সহ নানা স্লোগান দেয়।

এ বিষয়ে নির্বাচন কমিশনের সদস্য ড. গোলাম রব্বানী বলেন, এটি সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘন। আমরা তাদেরকে অনুরোধ জানাবো, তারা যেন আগামীতে এটি আর না করে।

অভিযোগের বিষয়ে তানভীর বারী হামিম বলেন, ছাত্রলীগ আমলে শিক্ষার্থীরা মনের ভাব প্রকাশ করতে পারেনি। দীর্ঘদিন পর ডাকসুর উৎসব মুখর পরিবেশে তাদের আনন্দের বহিঃপ্রকাশ এই মিছিল।

আচরণবিধি নিয়ে তিনি বলেন, আমরা রিটার্নিং কর্মকর্তার রুমে নিয়ম মেনে পাঁচজনই প্রবেশ করেছি। সেখানে কোন স্লোগানের ঘটনা ঘটেনি। কাগজ-কলমে অনেক কিছুই লেখা থাকে তবে শিক্ষার্থীরা এটা করেছে তাদের আনন্দের জায়গা থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *