
বরিশালের গৌরনদী উপজেলা সদরে সেন্ট পিটার ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাম্পটির আংশিক ভস্মিভূত হয়েছে। এ সময় তেল দিতে আসা একটি লরিতেও আগুনে ধরে।
রোববার (৫ এপ্রিল) বিকলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার পর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইব্রাহীম ও সহকারী কমিশনার (ভূমি) মো: মেহেদী হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়রা জানান, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে গৌরনদী উপজেলা সদরে সেন্ট পিটার ফিলিং স্টেশনে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা চিৎকার শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে মেঘনা প্রেট্রোলিয়াম লিমিটেডের একটি লরি পেট্রোল নিয়ে সেন্ট পিটার ফিলিং স্টেশনে আসে। এ সময় লরি থেকে পেট্রোল খালাস করার সময় উপরের অংশে আকস্মিক আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পরে পাম্পের সামনের অংশে। এ সময় পাম্পে তেল নেয়ার জন্য অপেক্ষমান একটি মাহেন্দ্রা ও দু’টি মোটরসাইকেলে আগুন লাগে।
তেলের লরির চালক মো: আলমগীর হোসেন জীবনের ঝুঁকি নিয়ে গাড়িটি চালিয়ে পাম্পের বাইরে সড়কের ওপর নিয়ে রাখেন। এ সময় গাড়িটিতে সম্পূর্ণভাবে আগুন ধরে যায়। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট নিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন।
ফায়ার সার্ভিসের ইনচার্জ মো: মিজানুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, পেট্রোল আনলোড করার সময় স্পার্কিং থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
Leave a Reply