গৌরনদীতে অবৈধ জ্বালানি তেল মজুদ: ব্যবসায়ীকে জরিমানা, তেল জব্দ

স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান।

গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের প্রত্যন্ত চর সরিকল গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ করা হয়েছে। ৮ এপ্রিল বুধবার দুপুরে সূনিল সিকদারের হাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে চর সরিকল গ্রামের বাসিন্দা আব্দুল করিম সিকদারের ছেলে ব্যবসায়ী হালিম সিকদারের দোকান ও বসতবাড়ি থেকে অবৈধভাবে মজুদ করে রাখা প্রায় ৩০০ লিটার ডিজেল, ২০০ লিটার মবিল এবং কয়েকটি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, হালিম সিকদার দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পরে জব্দকৃত মালামালসহ তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়াও লাইসেন্স না পাওয়া পর্যন্ত ওই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য তার কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে। জব্দকৃত জ্বালানি তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির জন্য স্থানীয় একটি সমাজসেবী প্রতিষ্ঠানের জিম্মায় দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *