
গৌরনদীতে যৌতুক, নারী নির্যাতন এবং নারী-শিশু পাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ছাত্রী ও অভিভাবকদের নিয়ে এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) সকাল ১০টায় গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় মহিলা সংস্থা, গৌরনদী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইব্রাহীম। তিনি তার বক্তব্যে যৌতুক, নারী নির্যাতন ও নারী-শিশু পাচারের ভয়াবহতা তুলে ধরে এসব সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তারেক হাসান রাসেল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আলী আজিম খান পলাশ।
বক্তারা বলেন, যৌতুক, নারী নির্যাতন ও নারী-শিশু পাচার সমাজের জন্য এক বড় অভিশাপ। এসব অপরাধ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং পারিবারিক মূল্যবোধ জাগ্রত করা প্রয়োজন। বিশেষ করে কিশোরী ও তরুণ প্রজন্মকে সচেতন করে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থা, গৌরনদীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম মৃধা।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাবু সঞ্জয় কুমার, ভব রঞ্জন হাজরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা যৌতুক, নারী নির্যাতন এবং নারী-শিশু পাচার প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।