কুমিল্লায় যুবদল নেতা কামাল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার বুড়িচংয়ে যুবদল নেতা কামাল হোসেনকে গ্রেফতার করেছে যৌথবাহিনীর একটি দল। শুক্রবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের জগতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত কামাল হোসেন বুড়িচং সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং স্থানীয়ভাবে ‘ফেন্সি কামাল’ নামে পরিচিত। তার সঙ্গে গ্রেফতারকৃত অপর দুইজন হলেন দেলোয়ার হোসেন ও সারদুল ইসলাম। যৌথবাহিনী এ সময় তাদের কাছ থেকে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

ওসি আজিজুল হক জানান, ভোররাতে যৌথবাহিনী প্রথমে ২১০ পিস ইয়াবাসহ দেলোয়ার ও সারদুলকে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা জানান, পাশেই থাকা কামাল হোসেনের কাছ থেকে মাদক নিয়েছেন। পরে কামাল হোসেনকেও গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা যায়, কামাল হোসেনের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে, যা তাকে স্থানীয়ভাবে বিতর্কিত করে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *