
মোঃ মেহেদী হাসান।
গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের ক্যান্টিন পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান। ক্যান্টিনের খাবারের মান, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ পর্যবেক্ষণের পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণের বিষয়ে সতর্ক করেন তিনি।
৩ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিদ্যালয়ের ক্যান্টিন পরিদর্শনে যান এসিল্যান্ড মোঃ মেহেদী হাসান। এ সময় তিনি ক্যান্টিনে বিক্রি হওয়া বিভিন্ন খাদ্যসামগ্রীর মান ও সংরক্ষণব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এসময় উপস্থিত ছিলেন গার্লস স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ পলাশ হোসেন।
পরিদর্শনকালে ক্যান্টিন সংশ্লিষ্টদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, স্বাস্থ্যসম্মতভাবে খাবার প্রস্তুত ও পরিবেশন এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
পরে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তিনি বাইরের অস্বাস্থ্যকর ও খোলা খাবার না খাওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে কোনো খাবারের মান নিয়ে সন্দেহ হলে তা গ্রহণ না করা এবং ক্যান্টিনে অনিয়ম দেখা দিলে বিদ্যালয় কর্তৃপক্ষকে জানানোর জন্য শিক্ষার্থীদের সতর্ক করেন।
শিক্ষার্থীদের সুস্থতা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যান্টিনগুলোতে নিয়মিত তদারকি ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান।