
স্টাফ রিপোর্টার মোঃ মোঃ মেহেদী হাসান।
আগৈলঝাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খানের নির্দেশনায় পরিচালিত অভিযানে উপজেলার ১ নম্বর রাজিহার ইউনিয়নের বড় বাসাইল এলাকায় হেলাল মৃধার বাড়ির উত্তর পাশের সড়ক থেকে বিপ্লব মন্ডল (২৪)-কে গ্রেপ্তার করা হয়। তিনি কোটালীপাড়া থানার রামশীল গ্রামের বাসিন্দা।
এছাড়া উপজেলার পতিহার গ্রামের কানাই বালার বাড়ির সামনের তিন রাস্তার মোড় থেকে জাকির হোসেন (৩০) ও সজিব হোসেন (২৩)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে পশ্চিম মোল্লাপাড়া গ্রামের ত্রিমুখী মোড়ে নুরুল ইসলামের দোকানের সামনে অভিযান চালিয়ে হৃদয় বৈদ্য (২৬), নয়ন হালদার (২৫) ও তপু বালা (২০)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ওসি মোহাম্মদ মাসুদ খান যা বললেন
আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত ও কঠোরভাবে চলবে। আগৈলঝাড়া উপজেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মাদক বিক্রি, সরবরাহ ও সেবনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকের সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। কোথাও মাদক সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে তা পুলিশকে জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।”
এদিকে পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে ছয়জন গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন সচেতন মহল