
মোঃ মেহেদী হাসান
বরিশালের গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রলি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে রিফাত গাজী (২২) নামে এক হেলপার নিহত হয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার নলচিড়া ইউনিয়নের পিঙ্গলাকাঠি গ্রামের গৌরনদী-হোসনাবাদ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিফাত গাজী পিঙ্গলাকাঠি গ্রামের মৃত লালচাঁন গাজীর ছেলে।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সন্ধ্যা ৭টার দিকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে নিহত রিফাত গাজীর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।
দুর্ঘটনার কারণ ও এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।