মোঃ মেহেদী হাসান।
গৌরনদীতে পাঁচ লক্ষাধিক টাকার ঋণের চাপ সইতে না পেরে পুলিন তালুকদার (৫০) নামে এক চা দোকানি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইছাকুড়ি-বাকাই গ্রামে এ ঘটনা ঘটে। পুলিন ওই গ্রামের মৃত উপেন্দ্র নাথ তালুকদারের ছেলে। তিনি তিন কন্যাসন্তানের জনক ছিলেন।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিন দীর্ঘ আট বছর মরিশাসে ছিলেন। প্রায় এক বছর আগে দেশে ফিরে বাড়ির পাশে একটি চায়ের দোকান দিয়ে ব্যবসা শুরু করেন। প্রবাসে থাকাকালে স্থানীয় সুদি মহাজন এবং দেশে ফেরার পর বিভিন্ন এনজিও থেকে তিনি পাঁচ লক্ষাধিক টাকা ঋণ নেন।
ঋণের পরিমাণ ও চাপ বাড়তে থাকায় তিনি মানসিকভাবে হতাশায় ভুগছিলেন বলে জানান স্বজনরা। গত কয়েক দিন ধরে সুদের টাকা ও এনজিওর কিস্তি পরিশোধ করতে না পারায় তিনি চাপে ছিলেন।
বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশের বাগানে একটি গাছের ডালে রশি দিয়ে ফাঁস দেন পুলিন। স্থানীয়রা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে










Leave a Reply