বরিশালের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের অপেক্ষমাণ স্থানে চলন্ত সিলিং ফ্যান খুলে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ফ্যানটির পাশেই বসে থাকা দুই শিশু অল্পের জন্য রক্ষা পেয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জরুরি বিভাগের সামনে রোগীদের বসার জন্য রাখা চারটি বেঞ্চে দুই শিশুসহ পাঁচ থেকে ছয়জন অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ ওপরের একটি চলন্ত সিলিং ফ্যান খুলে নিচে পড়ে যায়। ফ্যানটি শিশু দুটির পাশেই পড়লেও তাদের গায়ে লাগেনি। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এ ঘটনায় কেউ আহত হননি।
প্রত্যক্ষদর্শী হাফসা বেগম জানান, জরুরি বিভাগের সামনে কয়েকজন রোগী ও স্বজন বেঞ্চে বসে ছিলেন। হঠাৎ চলন্ত সিলিং ফ্যানটি খুলে শিশু দুটির কাছেই পড়ে যায়। অল্পের জন্য তারা রক্ষা পেয়েছে।
এ ঘটনায় হাসপাতালের রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁদের আশঙ্কা, হাসপাতালের পুরোনো ও ঝুঁকিপূর্ণ ফ্যানগুলো পরীক্ষা না করা হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই হাসপাতালের সব সিলিং ফ্যান পরীক্ষা করে ঝুঁকিপূর্ণ ফ্যানগুলো দ্রুত মেরামত অথবা পরিবর্তনের দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে মুলাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ ফজলে রাব্বী বলেন, পুরোনো একটি ফ্যান খুলে পড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ ক্ষতিগ্রস্ত হননি। হাসপাতালের সব ফ্যানের অবস্থা পর্যবেক্ষণ করে ঝুঁকিপূর্ণগুলো পরিবর্তনের জন্য ইলেকট্রিশিয়ানকে নির্দেশনা দেওয়া হয়েছে।
হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ সেবাকেন্দ্রে রোগী ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।












Leave a Reply