বরিশালে এক নারী সন্তান জন্ম দেওয়ার পর নবজাতকের পিতৃত্ব দাবি করেছেন দুজন। হাসপাতালে গিয়ে এ দাবি করেন তারা।
রোববার (৮ নভেম্বর) সকালে নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়, শান্তা নামের এক নারী সন্তান জন্ম দেওয়ার সময় তার পাশে ছিলেন শুভাস নামের এক ব্যক্তি। তিনি নিজেকে শান্তার স্বামী হিসেবে পরিচয় দেন। তবে পরে এমদাদুল নামের আরেক ব্যক্তি হাসপাতালে এসে দাবি করেন, শান্তার সঙ্গে তার বিয়ে হয়েছে এবং নবজাতকের বাবা তিনি।
এমদাদুলের দাবি, ২০২১ সালে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বরিশালের চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের সনাতন ধর্মাবলম্বী শান্তাকে তিনি বিয়ে করেন। বিয়ের পর শান্তা ধর্মান্তরিত হয়ে মুসলিম হন। এরপর তারা ঢাকায় একসঙ্গে বসবাস করতেন। সন্তান জন্ম দেওয়ার কথা বলে প্রায় তিন মাস আগে শান্তা বাবার বাড়িতে যান। এসময় নিজের দাবির পক্ষে বিয়ের কাবিননামাসহ বিভিন্ন নথি উপস্থিত ব্যক্তিদের দেখান এমদাদুল।
তবে এমদাদুলের দাবি প্রত্যাখ্যান করেছেন শান্তা। তিনি বলেন, এমদাদুলের সঙ্গে তার কোনো বিয়ে হয়নি। নবজাতকের বাবাও তিনি নন।
অন্যদিকে, এমদাদুল হাসপাতালে পৌঁছানোর পর শুভাস সেখান থেকে চলে যান। ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, এমদাদুলের সঙ্গে বিয়ের পরও শান্তার বাবার বাড়িতে যাতায়াত ছিল। পরবর্তী সময়ে ২০২৪ সালে আগের বিয়ের বিষয়টি গোপন রেখে বাকেরগঞ্জের বাসিন্দা শুভাসের সঙ্গে তার সম্পর্ক ও বিয়ে হয় বলে দাবি স্থানীয়দের।
আরিফ মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ডা. নজরুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হলে শান্তার বাবা কৃষ্ণ কর্মকার তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যান। দুই ব্যক্তির পিতৃত্ব ও বৈবাহিক সম্পর্কের দাবি সামনে আসার পর তারা দুজনই হাসপাতাল ছেড়ে চলে যান।











Leave a Reply