এবার গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন!

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। একই দিন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে লাঠিসোঁটা নিয়ে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। এ সময় তারা থানার কিছু অংশে আগুন দেন।

প্রত্যক্ষদর্শী ও ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা থানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালান। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে। পরে থানার ভেতরে পুলিশ সদস্যদের ওপর হামলা ও মারধর করেন তারা।

একটি ভিডিওতে দেখা যায়, থানার ভেতরে এক পুলিশ সদস্যকে ঘিরে ধরে বেধড়ক পেটাচ্ছেন কয়েকজন। একপর্যায়ে ওই পুলিশ সদস্যের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে যেতে দেখা যায় তাঁদের। এ সময় পুলিশ সদস্যদের উদ্দেশে গালিগালাজ করতেও শোনা যায়। পরে পুলিশ সদস্যদের থাকার জায়গায় আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।

আজ মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এর আগে এলাকায় দফায় দফায় মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েক দফায় পুলিশ এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

 

এসব ঘটনায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *