ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। বিক্ষোভের একপর্যায়ে সংঘর্ষ হয়; এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) একটি গাড়িতে আগুন দেওয়া হয়। আগুনে গাড়িটি পুড়ে গেছে। জানা গেছে, গাড়িটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-কমিশনার (ডিসি- অপরাধ; দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ ব্যবহার করেন। বুধবার (১৮ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে মহানগরীর ছয়দানা ও হাড়িকেন এলাকায় শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বাধে।
গাজীপুর চৌরাস্তা আধুনিক ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রাজীব হোসেন বলেন, পুড়ে যাওয়া গাড়িটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের। এটি মূলত জিএমপির ডিসি মহোদয় ব্যবহার করেন। এর আগে গাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জিএমপির উপ-কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, সকালে মহাসড়কের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও দেখতে গাড়িটি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে গাড়ি থেকে নেমে পড়ি। এসময় মহাসড়কের আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেওয়া পোশাক শ্রমিকরা ইট পাটকেল ছুঁড়তে থাকে। শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলে হঠাৎ কিছু মানুষ গাড়ির আশপাশে চলে আসায় সরাতে পারেননি চালক।
তিনি আরও বলেন, তারা আমার গাড়িকে আগে থেকেই টার্গেট করে রেখেছিল। এসময় গাড়িটিতে আগুন ধরিয়ে দিলে গাড়িটি পুড়ে যায়।
জিএমপি কমিশনার আশিক সাঈদও আগুন দেওয়া গাড়িটি মহানগর পুলিশের বলে নিশ্চিত করেছেন।












Leave a Reply