গৌরনদীতে জর্দা শামীমের সহযোগীদের আস্তানায় ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩

বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে জর্দা শামীমের সহযোগীদের আস্তানা থেকে ৮টি আগ্নেয়াস্ত্র, ৩৩টি ম্যাগাজিন ও ২ হাজার ৭৬১ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন শাহে আলম (৫০), বি.এম আমীন ইবনে ফারুক ওরফে শাথিল আহমেদ বিশ্বাস (৫৪) ও মো. রবিউল বেপারী (৩৫)।

বুধবার (১৮ নভেম্বর) এসআরবি-৮-এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জর্দা শামীম গ্রেপ্তার হওয়ার পর তার কাছে থাকা বিপুল অস্ত্র ও গোলাবারুদ সরিয়ে গৌরনদীতে তার মালিকানাধীন ‘শাহী ৯৯ পার্কে’ আনা হয়। পরে তার ব্যক্তিগত সহকারী শাহে আলম ও শ্যালক শাথিল আহমেদ বিশ্বাসের সহযোগিতায় এসব অস্ত্র গোপনে সংরক্ষণ ও কেনাবেচার ব্যবস্থা করা হচ্ছিল। ভ্যানচালক রবিউল বেপারীকে ভয়ভীতি দেখিয়ে তার বসতবাড়িতে অস্ত্র রাখতে বাধ্য করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

তল্লাশিতে চারটি বিদেশি পিস্তল, তিনটি রিভলবার ও একটি এয়ারগানসহ মোট আটটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। এ ছাড়া ২ হাজার ২৮২ রাউন্ড পিস্তল ও রিভলবারের কার্তুজ, ৩১২ রাউন্ড শটগানের কার্তুজ ও ১৬৭ রাউন্ড এয়ারগানের কার্তুজসহ সর্বমোট ২ হাজার ৭৬১ রাউন্ড কার্তুজ পাওয়া গেছে। একটি ম্যাগাজিন আনলোডার, তিনটি ম্যাগাজিন স্প্রিং, পিস্তলের সাতটি ক্ষুদ্র ভাঙা অংশ, তিনটি মোবাইল ফোন ও আলামত রাখার ১০টি ব্যাগও জব্দ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝালকাঠির ব্যবসায়ী ও কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহ-সভাপতি মোহাম্মদ শামীম আহমেদ ওরফে জর্দা শামীমের বিরুদ্ধে অবৈধ অস্ত্রের মাধ্যমে প্রভাব বিস্তার, চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। ঢাকা ও ঝালকাঠির বিভিন্ন থানায় তার বিরুদ্ধে বিস্ফোরক ও ভাঙচুর আইনে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর চলতি বছরের ৬ মে দিবাগত রাতে রংপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার তিনজনকে গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *