বেনাপোল সীমান্তে নজরদারি জোরদার, কঠোর অবস্থানে বিজিবি

বেনাপোলসহ ৭২ কিলোমিটার সীমান্তজুড়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কঠোর নজরদারি ও নিরাপত্তা জোরদারসহ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানসহ সীমান্তকেন্দ্রিক যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে দিন-রাত সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা

 

বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি গ্রামবাসীও বিজিবির সঙ্গে রাত জেগে সীমান্ত পাহারা দিচ্ছে। আধুনিক সার্চলাইটের আলোয় সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চলছে নিবিড় নজরদারি ও টহল। সীমান্ত এলাকার সন্দেহজনক চলাচল পর্যবেক্ষণ করছে বিজিবি। এমনকি গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে।

বিজিবির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, সীমান্তে সার্চলাইট ব্যবহার ও নজরদারি বাড়ানোয় অবৈধ অনুপ্রবেশ, পুশইন, চোরাচালান ও মাদককারবার প্রতিরোধ সহজ হবে। বিশেষ করে রাতের অন্ধকারে সীমান্তকেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। এ সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে স্বস্তি তৈরি হয়েছে।

 

ডিসেম্বরকে সামনে রেখে সীমান্তে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে টহল, গোয়েন্দা নজরদারি এবং সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান বলেন, বেনাপোল সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে। নজরদারি বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *