
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরিশালের উজিরপুর উপজেলায় খাদ্য সহায়তা বিতরণ, শিশুদের স্বপ্নচিত্র অংকন ও প্রতিভা বিকাশে উপহার বিতরণ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু।
রবিবার (২৪ মে) বেলা ১১টায় উজিরপুর পৌরসভা কার্যালয়ে ঈদ উপলক্ষে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আলী সুজা এবং রকিবুল ইসলামসহ স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকারভোগীরা।
এদিকে, শিশুদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে উৎসাহ দিতে নিবন্ধিত শিশুদের মাঝে উপহার বিতরণ করা হয়। সিআরএসএস এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজক সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় মোট ৬৭৮ জন নিবন্ধিত শিশুর মাঝে টুথপেস্ট, টুথব্রাশ, সাবান ও একটি করে ছাতা বিতরণ করা হয়। শিশুদের আনন্দ ও মানসিক বিকাশে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান।
দিনের শেষ পর্বে সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। তিনি হাসপাতালের বিভিন্ন সেবামূলক কার্যক্রম ঘুরে দেখেন এবং চিকিৎসা সেবা, অবকাঠামো ও জনবল সংকটসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।