
আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ফুলশ্রী এলাকায় গ্যারেজে হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একাধিক ব্যক্তিকে আসামি করে থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, পশ্চিম সুজনকাঠি গ্রামের বাসিন্দা মো. আনোয়ার হোসেন মোল্লা (৫৫) অভিযোগ করেন, গত ২৪ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে পূর্ব বিরোধের জেরে আসামিরা সংঘবদ্ধ হয়ে তার গ্যারেজে হামলা চালায়। ঘটনাস্থলটি ছিল আগৈলঝাড়া থানাধীন বাকাল ইউনিয়নের ফুলশ্রী এলাকার পুরাতন ডাকবাংলো সংলগ্ন তার নিজ গ্যারেজ।
অভিযোগে উল্লেখ করা হয়, মোসাঃ লাবন্য (৪০), মোঃ লাবিব তালুকদার (১৭), মো.জাকির হাওলাদার (৪০), মো. জাহিদ হাওলাদার (৩০), মোসাঃ ডলি বেগম (২৫)সহ অজ্ঞাতনামা আরও ৮/১০ জনের একটি দল বেআইনীভাবে গ্যারেজে প্রবেশ করে বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এলোপাথাড়ি মারধর করে। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।
এ সময় হামলাকারীরা গ্যারেজের বিভিন্ন মালামাল ভাঙচুর করে ক্ষতিসাধন করে এবং দোকানের ক্যাশবক্সে থাকা নগদ ১ লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগে বলা হয়েছে।
বাদীর ডাকচিৎকারে তার স্ত্রী মোসাঃ মিনারা বেগম ও ছেলে তানজিন আহম্মেদ ঘটনাস্থলে এগিয়ে এলে তাদেরকেও মারধর করা হয়। একপর্যায়ে প্রধান আসামি মোসাঃ লাবন্য বাদীর স্ত্রীর গলায় থাকা প্রায় ১ ভরি ৬ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য ৩ লাখ ৪০ হাজার টাকা, জোরপূর্বক নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামিরা খুন-জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর ভুক্তভোগী আত্মীয়স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে থানায় এজাহার দায়ের করেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযুক্ত ব্যক্তিদের সাথে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
Leave a Reply