গলায় কলা-সুপারি ঝুলিয়ে শিকলবন্দি বৃদ্ধকে গ্রাম ঘোরানোর অভিযোগ!

পিরোজপুরের জিয়ানগরে এক ছড়া সুপারি ও এক ফালি কলা নেওয়ার অভিযোগে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে মারধর, কোমরে শিকল বাঁধা এবং গলায় কলা-সুপারি ঝুলিয়ে গ্রাম ঘোরানোর অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার (১৬ নভেম্বর) উপজেলার ইন্দুরকানী ইউনিয়নের কালাইয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বৃদ্ধের নাম রুহুল আমিন। তিনি হতদরিদ্র এবং মানসিকভাবে অসুস্থ বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার প্রতিবেশী হাফেজ আব্দুল হালিমের বাড়ি থেকে এক ছড়া সুপারি ও এক ফালি কলা নেন রুহুল আমিন। এ ঘটনায় কালাইয়া গ্রামের নাসির উদ্দীনের নেতৃত্বে কয়েকজন তাঁকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। পরে তাঁর কোমরে শিকল বেঁধে তালাবদ্ধ করা হয়। গলায় ওই কলা ও সুপারি ঝুলিয়ে তাঁকে গ্রামেও ঘোরানো হয়।

সোমবার রাতে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভ ও নিন্দা জানান অনেকে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইন্দুরকানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন বলেন, রুহুল আমিন মানসিকভাবে অসুস্থ ও হতদরিদ্র। তিনি মাঝেমধ্যে মানুষের কলা, কচু ও সুপারি না বলে নিয়ে যান। তবে সামান্য অপরাধের অভিযোগে তাঁর সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা ঠিক হয়নি।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহব্বত খান বলেন, বৃদ্ধকে শিকলে বেঁধে গলায় কলা-সুপারি ঝুলিয়ে গ্রাম ঘোরানোর ভিডিওটি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *