মোঃ মেহেদী হাসান।
গৌরনদীতে নিজ বসতঘর থেকে আবদুল খালেক খন্দকার (৬০) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণ বিলগ্রাম এলাকায় তাঁর নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আবদুল খালেক খন্দকার ওই গ্রামের মৃত হোসেন খন্দকারের ছেলে।
মাহিলাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুর আলম সরদার জানান, বিলগ্রাম বাজারের বিভিন্ন দোকানে পানি সরবরাহ করে জীবিকা নির্বাহ করতেন আবদুল খালেক। সর্বশেষ গত সোমবার তাঁকে বাজারে দেখা গেছে। এরপর আর তাঁকে কেউ বাজারে দেখেননি।
বুধবার সন্ধ্যায় তাঁর বসতঘরের পাশ দিয়ে যাতায়াতের সময় স্থানীয় লোকজন দুর্গন্ধ পান। পরে তাঁরা ঘরের কাছে গিয়ে ভেতর থেকে দরজা আটকানো দেখতে পান। বিষয়টি তাঁরা থানা পুলিশকে জানান।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে বিছানায় পড়ে থাকা বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, আবদুল খালেক ওই বসতঘরে একাই থাকতেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে ঢাকায় বসবাস করেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি












Leave a Reply