
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান যুগে তথ্যই সবচেয়ে বড় শক্তি। রাষ্ট্রের জনসংযোগ কার্যক্রমকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে তথ্য কর্মকর্তাদের আধুনিক ডিজিটাল সক্ষমতা অর্জন অপরিহার্য।
২৪ মে রোববার দুপুর একটার সময় তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত “নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও কর্মপরিকল্পনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, তথ্য ক্যাডার, জনসংযোগ কর্মকর্তা এবং জেলা তথ্য কর্মকর্তাদের সমন্বয়ে একটি দক্ষ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর জনবল গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, তথ্য কর্মকর্তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি পেলে রাষ্ট্রের নীতি, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনগণের মধ্যে আরও কার্যকর যোগাযোগ ও সেতুবন্ধন প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
এ সময় তিনি তথ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।