দিনে ক্রেতা সেজে দোকানে, রাতে তালা কেটে আইফোনসহ ৬১ লাখ টাকার মালামাল চুরি

দিনে ক্রেতা সেজে একাধিকবার দোকানে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করার পর রাতে শাটারের তালা কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে বরিশাল নগরীর একটি মোবাইল ফোনের দোকানে। নগরীর সদর রোডস্থ ফাতেমা সেন্টারে অবস্থিত ওই দোকান থেকে ৩৬টি আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের ৫৫টি মোবাইল ফোন এবং নগদ ৬ লাখ ১০ হাজার টাকা চুরি হয়েছে। সব মিলিয়ে প্রায় ৬১ লাখ ১০ হাজার টাকার মালামাল লুট হয়েছে বলে দাবি করেছেন দোকানমালিক। পুরো চুরির ঘটনাটি দোকান ও মার্কেটের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

 

দোকানমালিক নাঈম জানান, রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে তিনি বাসায় চলে যান। পরদিন সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দোকান খুলতে এসে দেখেন শাটারের তালা কাটা। ভেতরে ঢুকে তল্লাশি করে দেখতে পান, দোকানের শোকেসে থাকা বিভিন্ন মডেলের ৩৬টি আইফোন, গুগল পিক্সেলসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ৫৫টি মোবাইল ফোন নেই। এ ছাড়া ক্যাশবাক্সে থাকা ব্যবসার নগদ ৬ লাখ ১০ হাজার টাকাও নিয়ে গেছে চোরচক্র। মোবাইল ফোন, অ্যাক্সেসরিজ ও নগদ টাকাসহ চুরি হওয়া মালামালের মোট মূল্য প্রায় ৬১ লাখ ১০ হাজার টাকা।

 

দোকানমালিক অভিযোগ করেন, চোরচক্রের সদস্যরা রোববার বিকেল থেকেই ক্রেতা সেজে একাধিকবার দোকানে আসেন। কেউ মোবাইলের ব্যাটারি কেনার কথা বলেন, আবার কেউ বিভিন্ন মডেলের ফোন দেখতে চান। এভাবে তারা দোকানের অবস্থান, নিরাপত্তা ও পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করে যান। পরে রাতে দোকান বন্ধ হলে সুযোগ বুঝে চুরি সংঘটিত করেন।

 

দোকান ও ফাতেমা সেন্টারের সিসিটিভি ক্যামেরার ফুটেজেও চক্রটির এমন তৎপরতার প্রমাণ মিলেছে। ফুটেজে দেখা যায়, বিকেলে প্রথমে এক যুবক মোবাইলের ব্যাটারি খুঁজতে দোকানে আসেন। এর কিছুক্ষণ পর তিন যুবক একসঙ্গে দোকানে প্রবেশ করে ক্রেতা সেজে ভেতরে অবস্থান করেন।

 

চুরির সময়ের আরেকটি ফুটেজে দেখা যায়, বিকেলে আসা ওই তিন যুবকই কাঁধে ব্যাগ নিয়ে রাতে দোকানের সামনে আসেন। তাদের একজন ব্যাগ থেকে তালা কাটার যন্ত্র বের করে শাটারের তালা কাটেন। এরপর দুটি ব্যাগসহ একজনকে দোকানের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় এবং বাইরে দাঁড়িয়ে অপর দুজন মোবাইল ফোনে কথা বলার ভান করে পাহারা দেন। চুরি শেষে তারা নির্বিঘ্নে ঘটনাস্থল ত্যাগ করেন।

 

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, চুরির ঘটনায় সোমবার দুপুরে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একটি দল কাজ শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *