
স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান।
সাংবাদিকতার নীতিমালা, আইন-কানুন ও পেশাগত আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন বরিশালের গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান। একই সঙ্গে সাংবাদিকতার মতো মহান পেশাকে দালালি, ব্যক্তিস্বার্থ ও অনৈতিক কর্মকাণ্ড থেকে মুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
একটি প্রতিবেদনকে কেন্দ্র করে দেওয়া প্রতিক্রিয়ায় এসিল্যান্ড মেহেদী হাসান সাংবাদিকতার সঙ্গে সংশ্লিষ্টদের পেশাগত নীতিমালা (Ethics) ও আচরণবিধি (Code of Conduct) সম্পর্কে জানার আহ্বান জানান। তিনি বলেন, সাংবাদিকতার দায়িত্ব পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন-কানুন সম্পর্কে জ্ঞান থাকা, তথ্য যাচাই করা এবং পেশাগত দক্ষতা অর্জন করা জরুরি।
তিনি আরও বলেন, শুধু হাতে মোবাইল ফোন নিয়ে ভিডিও ধারণ করলেই সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালন করা হয় না। সাংবাদিকতার মর্যাদা ও গ্রহণযোগ্যতা অক্ষুণ্ন রাখতে নিজস্ব জ্ঞান, যোগ্যতা ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করতে হবে।
মেহেদী হাসান বলেন, সাংবাদিকতার সুযোগকে ব্যক্তিগত স্বার্থ হাসিলের মাধ্যম হিসেবে ব্যবহার না করে সত্য, ন্যায় ও জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়া উচিত। সাংবাদিকতার পাশাপাশি কেউ অন্য কোনো উদ্যোগ নিতে চাইলে উদ্যোক্তা হিসেবেও কাজ করার সুযোগ রয়েছে।
গৌরনদীর মূলধারার সাংবাদিকদের প্রশংসা করে তিনি বলেন, মূলধারার সাংবাদিকদের সহযোগিতার কারণেই শতভাগ দালালমুক্ত অফিস প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া সম্ভব হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, সাংবাদিকতার মর্যাদা ও গ্রহণযোগ্যতা বজায় রাখতে পেশাগত নীতিমালা অনুসরণ, তথ্য যাচাই, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। একই সঙ্গে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কোনো অনৈতিক কর্মকাণ্ড যাতে মহান এই পেশার ভাবমূর্তি ক্ষুণ্ন না করে, সে বিষয়েও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে