ধানডোবা স্কুলের দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ব্র্যাকের বৃক্ষ উপহার

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বরিশালের গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সামাজিক বনায়ন কার্যক্রমের অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে এ চারা বিতরণ ও রোপণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এইচ এম তারিকুল ইসলাম কাফী ও প্রধান শিক্ষক এইচ এম মানিক হাসান।
এ সময় ব্র্যাকের গৌরনদী শিখা প্রকল্পের ভলান্টিয়ার তৃণা রায় উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীরাও কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিদ্যালয়ের সভাপতি এইচ এম তারিকুল ইসলাম কাফী বলেন, পরিবেশ বিপর্যয় রোধ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বেশি করে গাছ লাগাতে হবে। গাছ মানুষের জন্য অক্সিজেন সরবরাহের পাশাপাশি বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, বৃক্ষ জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে সহায়তা করার পাশাপাশি মাটির ক্ষয় ও বন্যার ঝুঁকি কমায়। একই সঙ্গে ফল, কাঠ ও ঔষধি উপাদানের মাধ্যমে মানুষের অর্থনৈতিক চাহিদাও পূরণ করে। তাই পরিবেশ সুরক্ষা ও মানবজাতির ভবিষ্যৎ অস্তিত্ব নিশ্চিত করতে প্রত্যেককে নিয়মিত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে।
কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেওয়ার পাশাপাশি সেগুলো বিদ্যালয় ও বাড়ির আশপাশে রোপণ এবং নিয়মিত পরিচর্যার জন্য উৎসাহিত করা হয়। আয়োজকদের আশা, শিক্ষার্থীদের মাধ্যমে বৃক্ষরোপণের এই উদ্যোগ পরিবার ও সমাজে পরিবেশ সচেতনতা তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *