
মোঃ মেহেদী হাসান
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন যাত্রাপথে গৌরনদীতে গাড়ি থামিয়ে রাস্তার পাশের একটি টং দোকানে চা পান করেছেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।
জানা গেছে, বুধবার (৫ আগস্ট) বরিশাল বিভাগীয় শহরে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে ঢাকার উদ্দেশে রওনা হন তথ্যমন্ত্রী। পথে গৌরনদী উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ডে গাড়ি থামিয়ে একটি টং দোকানে বসে চা পান করেন। এ সময় সেখানে উপস্থিত স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে তিনি সৌজন্য কুশল বিনিময় করেন। কিছুক্ষণ অবস্থান শেষে পুনরায় ঢাকার উদ্দেশে রওনা দেন।
চা দোকানি আকতার হোসেন বলেন, “স্বপ্নেও ভাবিনি, একজন মন্ত্রী আমার দোকানে এসে চা পান করবেন। তিনি আমাদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেছেন, যা আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।”
ভুরঘাটা এলাকার বাসিন্দা ও সাবেক ছাত্রদল নেতা এনাম তালুকদার বলেন, “মন্ত্রী বৃষ্টি উপেক্ষা করে সাধারণ মানুষের পাশে বসে চা পান করেছেন। তিনি স্থানীয় মানুষের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং সমাধানের আশ্বাস দিয়েছেন। একজন মন্ত্রীর এমন সাধারণ ও আন্তরিক আচরণ আমাদের মুগ্ধ করেছে।
স্থানীয়দের ভাষ্য, কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার এ ঘটনা এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভিডিওটি নিয়ে নানা ধরনের মন্তব্য করছেন অনেকে