
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মাছের ঘেরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিমন ফকির (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) ভোররাতে উপজেলার বারপাইকা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মাত্র পাঁচ মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই যুবকের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত লিমন ফকির আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠি গ্রামের আবুল হোসেন ফকিরের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার ভোররাতে লিমন ফকির বারপাইকা গ্রামের একটি মাছের ঘেরে বিদ্যুতের তার মেরামতের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সুবল কৃষ্ণ কুন্ডু পরীক্ষা-নিরীক্ষা শেষে লিমনকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা জানান, মাত্র পাঁচ মাস আগে পারিবারিকভাবে লিমনের বিয়ে হয়েছিল। নতুন সংসার গুছিয়ে ওঠার আগেই বিদ্যুৎস্পৃষ্টের এই মর্মান্তিক ঘটনা তার পরিবারে অন্ধকার নেমে এনেছে। লিমনের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে চলছে মাতম।