
চলতি এসএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে প্রত্যাশিত ফল না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। সোমবার (৪ মে) সকালে ভোলা শহরের অফিসার পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃত শিক্ষার্থীর নাম তৈয়্যবা জাহান চৈতি (১৬)। তিনি ভোলা শহরের মাসুমা খানম স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
জানা যায়, ইংরেজি পরীক্ষা খারাপ হওয়ায় চৈতি বেশ মানসিক চাপে ছিলেন। এ অবস্থায় সকালে নিজ বাসায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
চৈতি পুলিশ কনস্টেবল শাহাবুদ্দিন ফকিরের মেয়ে। তাদের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায় হলেও গত প্রায় ১০ বছর ধরে পরিবারের সঙ্গে ভোলায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
স্থানীয়দের মতে, পরীক্ষার ফলাফল নিয়ে অতিরিক্ত চাপ ও মানসিক উদ্বেগ থেকেই এমন মর্মান্তিক ঘটনা ঘটতে পারে। তারা শিক্ষার্থী ও অভিভাবকদের এ বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।