এখনো অধরা বরিশালে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের নির্যাতনের খলনায়ক ওসি সাখাওয়াত

স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান:

বরিশালে দায়িত্ব পালনকালে রাজনৈতিক নেতা-কর্মীদের গ্রেপ্তার, থানায় নির্যাতন, রিমান্ডে হয়রানি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আবারও আলোচনায় এসেছেন পুলিশের পরিদর্শক মো. শাখাওয়াত হোসেন ওরফে টিপু। বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের দমন-পীড়নে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন তিনি। অথচ ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পরও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর দৃশ্যমান নিষ্পত্তি হয়নি।

একই কর্মকর্তার বিরুদ্ধে ছয় বছর আগের নির্যাতনের ঘটনায় আদালতে মামলা হয়েছে। মামলায় তাঁর সঙ্গে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আরও ১১ সদস্যকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন।

এ ছাড়া বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অধ্যক্ষকে মারধরের ঘটনায় দায়ের করা মামলার অভিযোগপত্রে মূল হামলাকারীদের বাদ দেওয়ার অভিযোগেও একসময় বিতর্কের মুখে পড়েছিলেন তিনি।

অভিযোগ, আদালতের মামলা এবং রাজনৈতিক পটপরিবর্তনের পরও তাঁর চাকরিতে বহাল থাকার বিষয়টি নিয়ে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। তাঁদের দাবি, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নিতে হবে।

বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের গ্রেপ্তার ও নির্যাতনের অভিযোগ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানা এবং মহানগর গোয়েন্দা শাখায় (ডিবি) দায়িত্ব পালনকালে শাখাওয়াত হোসেনের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানির একাধিক অভিযোগ ওঠে।

অভিযোগকারীদের ভাষ্য, তৎকালীন বিরোধী দল বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারে তিনি ছিলেন অত্যন্ত সক্রিয়। বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার এবং মামলার ক্ষেত্রে তাঁর ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ ছিল।

বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের অভিযোগ, শুধু গ্রেপ্তার করেই ক্ষান্ত থাকতেন না তিনি; আটক ব্যক্তিদের থানায় নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। এমনকি রিমান্ডে নিয়েও নির্যাতন ও নিপীড়নের অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, তৎকালীন আওয়ামী লীগ সরকারের স্থানীয় প্রভাবশালী নেতাদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল। নিজেকে আওয়ামী পরিবারের সদস্য হিসেবেও পরিচয় দিতেন বলে দাবি করেছেন অভিযোগকারীরা।

বরিশাল থেকে নলছিটি: রাজনৈতিক প্রভাবের অভিযোগ

বরিশালে দায়িত্ব পালনের পর শাখাওয়াত হোসেন ঝালকাঠির নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযোগকারীদের দাবি, বরিশালের মতো নলছিটিতেও বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের গ্রেপ্তার এবং হয়রানিতে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন ছিল।

বরিশালের তৎকালীন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর পছন্দের কর্মকর্তা হিসেবে তিনি নলছিটি থানায় পদায়ন পেয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে।

২০১৬ সালে কোতোয়ালি থানা থেকে ডিবিতে বদলি

শাখাওয়াত হোসেনকে ঘিরে বিতর্ক অবশ্য নতুন নয়। ২০১৫-১৬ সালেও বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে সাধারণ মানুষ এবং রাজনৈতিক নেতা-কর্মীদের হয়রানির অভিযোগ উঠেছিল।

২০১৬ সালের ৩ মে, মঙ্গলবার বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের এক আদেশে তাঁকে কোতোয়ালি মডেল থানা থেকে সরিয়ে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশে সংযুক্ত করা হয়। তৎকালীন বিএমপির মুখপাত্র ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আবু সাঈদ বদলির বিষয়টি নিশ্চিত করেছিলেন।

তবে সে সময়ই শাখাওয়াত হোসেনের বিরুদ্ধে সাধারণ মানুষ, বিএনপির নেতা-কর্মীদের হয়রানির অভিযোগ আলোচনায় ছিল। এমনকি সাংবাদিকরাও তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময়ে মানববন্ধন, বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করেছিলেন বলে সে সময়ের সংবাদ প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

ছয় বছর পর আদালতে নির্যাতনের মামলা

শাখাওয়াত হোসেনের বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনি অভিযোগগুলোর একটি সামনে আসে ২০২৪ সালের ২৫ নভেম্বর।

ওই দিন বরিশাল মেট্রোপলিটন সদর আমলি আদালতে তাঁরসহ মোট ১২ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেন ঝালকাঠির নলছিটি উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা কামাল হোসেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালে বরিশাল কোতোয়ালি মডেল থানা ও মহানগর গোয়েন্দা শাখায় কর্মরত পুলিশ সদস্যরা তাঁকে একটি পুলিশ বাদী মামলায় গ্রেপ্তার করেন। পরে তাঁকে চার মাস ২২ দিন কারাগারে থাকতে হয়।

মাওলানা কামাল হোসেনের অভিযোগ, কারাগারে পাঠানোর আগে থানায় বসেই তাঁর ওপর শারীরিক নির্যাতন চালানো হয়েছিল। এ ঘটনার বিচার চেয়ে ছয় বছর পর তিনি আদালতের দ্বারস্থ হন। মামলাটির নম্বর সিআর ২২৬৬/২৪, স্মারক নম্বর ৭১২। আদালতের বিচারক নুরুল আমিন অভিযোগটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দেন।

মামলায় অভিযুক্ত ১২ পুলিশ সদস্য হলেন—

১. বরিশাল কোতোয়ালি মডেল থানার সাবেক সহকারী পুলিশ কমিশনার রাসেল।
২. সাবেক ওসি শাখাওয়াত হোসেন।
৩. সাব-ইন্সপেক্টর মহিউদ্দিন।
৪. সাব-ইন্সপেক্টর ফিরোজ।
৫. সাব-ইন্সপেক্টর শামীম।
৬. সাব-ইন্সপেক্টর দ্বীপায়ন।
৭. কনস্টেবল ইউনুস।
৮. এএসআই নজরুল ইসলাম।
৯. এএসআই মেহেদী হাসান।
১০. কনস্টেবল হুমায়ুন কবির।
১১. কনস্টেবল রাশেদুল ইসলাম।
১২. কনস্টেবল নয়ন চন্দ্র সরকার।

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, অভিযোগের সময় অর্থাৎ ২০১৮ সালে এসব পুলিশ সদস্য বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানা ও নগর গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন।আদালতের তদন্ত নির্দেশ মামলাটিকে নতুন গুরুত্ব দিয়েছে।

বিএম কলেজের অধ্যক্ষকে মারধরের মামলাতেও বিতর্ক

শুধু রাজনৈতিক নেতা-কর্মীদের হয়রানির অভিযোগ নয়, বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অধ্যক্ষ শংকর চন্দ্র দত্তকে মারধরের ঘটনায় দায়ের করা মামলার অভিযোগপত্র নিয়েও একসময় বিতর্কে জড়ান শাখাওয়াত হোসেন।

ওই ঘটনায় দায়ের করা মামলার অভিযোগপত্রে মূল হামলাকারীদের বাদ দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে বরিশালে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছিল।অভিযোগ ছিল, হামলার সঙ্গে জড়িত হিসেবে চিহ্নিত ব্যক্তিদের বাদ দিয়ে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছিল। এতে শিক্ষক ও সচেতন মহলের মধ্যে ক্ষোভ তৈরি হয়।এ বিষয়ে সে সময় কোতোয়ালি মডেল থানার তৎকালীন ওসি শাখাওয়াত হোসেনের বক্তব্য ছিল, ‘ছবি দেখে তো কারও বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া যায় না।’অভিযোগকারীদের দাবি, রাজনৈতিক প্রশ্রয়ের কারণে শিক্ষককে মারধরের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা যথাযথ শাস্তির মুখোমুখি হননি।

পিপিএম পদক নিয়েও প্রশ্ন

শাখাওয়াত হোসেন পিপিএম পদকপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। বিএনপি ও জামায়াতের কয়েকজন নেতা-কর্মীর অভিযোগ, তাঁদের গ্রেপ্তার ও দমনে সক্রিয় ভূমিকার সময়ই তিনি পদক লাভ করেন।

এ নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে—যেসব কার্যক্রমের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানি ও নির্যাতনের অভিযোগ রয়েছে, সেসব সময়ের দায়িত্ব পালনের সঙ্গে তাঁর পদকপ্রাপ্তির কোনো সম্পর্ক ছিল কি না?

এখন কোথায় কর্মরত শাখাওয়াত হোসেন?

২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি ঝালকাঠি জেলা পুলিশের অপরাধ শাখায় (ক্রাইম ব্রাঞ্চ) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ সরবরাহ করা তথ্য অনুযায়ী, বর্তমানে তিনি ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত রয়েছেন।

বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের প্রশ্ন, ২০২৪ সালের ৫ আগস্টের পর তাঁর বিরুদ্ধে অভিযোগ ও আদালতে মামলা থাকা সত্ত্বেও চাকরিতে বহাল থাকার কারণ কী? এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন কোনো বিভাগীয় তদন্ত করেছে কি না, সেটিও তাঁদের কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন।

জবাবদিহি নিশ্চিত করার দাবি

বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের দাবি, অতীতে রাজনৈতিক পরিচয়ের কারণে যেসব মানুষ গ্রেপ্তার, নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন, তাঁদের অভিযোগের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।

তাঁদের মতে, শুধু রাজনৈতিক পটপরিবর্তন হলেই হবে না; আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ওঠা ক্ষমতার অপব্যবহার, নির্যাতন এবং রাজনৈতিক পক্ষপাতের অভিযোগও নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে।

শাখাওয়াত হোসেনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর মধ্যে রয়েছে—রাজনৈতিক নেতা-কর্মীদের গ্রেপ্তার ও হয়রানি, থানায় নির্যাতন, রিমান্ডে নিপীড়ন, বিএম কলেজের অধ্যক্ষকে মারধরের মামলার অভিযোগপত্র নিয়ে বিতর্ক এবং জামায়াত নেতা মাওলানা কামাল হোসেনের দায়ের করা আদালতের মামলা।

পুলিশের দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, কোনো রাজনৈতিক দলের স্বার্থ রক্ষা করা নয়। রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে কেউ যদি নাগরিকের অধিকার ক্ষুণ্ণ করে থাকেন, তবে তাঁর পরিচয় বা পদমর্যাদা যা-ই হোক, আইনের আওতায় জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

এখন প্রশ্ন একটাই—শাখাওয়াত হোসেনের বিরুদ্ধে ওঠা পুরোনো অভিযোগ এবং আদালতে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত কবে শেষ হবে? রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সত্য উদ্ঘাটন এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে পুলিশ প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেটিই এখন দেখার বিষয়।

শাখাওয়াত হোসেন ওরফে টিপু।তার পিতার নাম মোকসেদ আলী হাওলাদার। পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরুপকাঠি) উপজেলার ৮ নম্বর সেহাংগল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সমুদয়কাঠীতে তার বাড়ি। জেলা: পিরোজপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *