নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ড থামাতে গিয়ে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থী মেজবাউল হক মিজুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষ একে অন্যকে হামলার জন্য দায়ী করেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে এ ঘটনা ঘটে।

হলের একাধিক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১২টার দিকে বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক মিজু কয়েকজন জুনিয়র শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের করতে হল থেকে বের হন। এ সময় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবের অনুসারী তায়েফ ও সিফাতের সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে হুমকি-ধমকির ঘটনা ঘটে। পরে মিছিল শেষে হলে ফেরার সময় আবারও দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয় পক্ষের নেতাকর্মীরা।

ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক মিজু অভিযোগ করে বলেন, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তায়েফ মাহমুদ ও আসাদুজ্জামান নূর সিফাতের নেতৃত্বে শাখা ছাত্রদলের সদস্য সচিব শফিকুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবের অনুসারীরা তাদের ওপর হামলা করেন।মিজু বলেন, ‘আমরা সারা দেশে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল করে সোহরাওয়ার্দী হলের দিকে আসছিলাম। তখন ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের ওপর অতর্কিত হামলা করেন। তায়েফ মাহমুদ ও সিফাতের নেতৃত্বে সোহরাওয়ার্দী হলের ২০-৩০ জন এবং মাওলানা ভাসানী হলের ৪০-৫০ জন এসে আমাদের ওপর হামলা চালান।’

তিনি আরও বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আমিও আহত হয়েছি। আমার পোশাক ছিঁড়ে ফেলা হয়েছে এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলা হয়েছে। এ ঘটনায় ছাত্রদলের জ্যেষ্ঠ নেতাদের দায় এড়ানোর সুযোগ নেই।’

তবে এসব অভিযোগ অস্বীকার করেন বাকৃবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তায়েফ মাহমুদ। তিনি বলেন, ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে একটি পক্ষ সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থীদের মধ্যে বিভাজনের চেষ্টা করছে। গত ৩ নভেম্বর ঈশা খাঁ হলের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা থেকে এ বিরোধের সূত্রপাত। বিষয়টি ব্যক্তিগত পর্যায়ে সমাধানের সুযোগ থাকলেও মিজু সেটিকে হল পর্যায়ের সংঘাতে রূপ দেওয়ার চেষ্টা করেন।

তায়েফ মাহমুদ বলেন, ৫ নভেম্বর জুনিয়র শিক্ষার্থীদের নিয়ে বৈঠকে উসকানি দেওয়ার প্রতিবাদ করলে তাদের ওপর হামলা হয়। সর্বশেষ ছাত্রলীগবিরোধী মিছিলের আগে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা নেওয়া হয়েছে কি না, তা জানতে চাইলে আবারও হামলার ঘটনা ঘটে। এতে ছাত্রদল নেতা সিফাত মাথায় গুরুতর আঘাত পান এবং আমিও আহত হই।

তিনি আরও বলেন, ‘একটি পক্ষ ছাত্রদলের সাংগঠনিক পদ ব্যবহার করে বিভাজন সৃষ্টি ও সংগঠনকে বিতর্কিত করার চেষ্টা করছে। ওই পক্ষের সঙ্গে ছাত্রলীগের সংশ্লিষ্টতা নিয়েও প্রশ্ন রয়েছে। বাকৃবি ছাত্রদল কোনো বিভাজন চায় না। কেন্দ্রীয় নেতা আতিক, শফিক ও শোয়াইবের নির্দেশনায় একক নেতৃত্বের অধীনে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে চায়।’ একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

এ বিষয়ে বাকৃবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব জানান, হামলার ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা সংগঠনকে বিতর্কিত করতে এবং ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছেন।

তিনি আরও জানান, ‘মিজু ছাত্রলীগের সাবেক সভাপতি তায়েফুর রহমান রিয়াদের অনুসারী। ছাত্রলীগকে সামনে আনা এবং ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এসব অভিযোগ করা হচ্ছে।’

এ বিষয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, উভয় পক্ষের বক্তব্যে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে। তাই সিসিটিভি ফুটেজ যাচাইয়ের আগে ঘটনার বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়। বিষয় টি তদন্তের মাধ্যমে জানা যাবে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম জানান, ঘটনার পর উভয় পক্ষের সঙ্গে কথা বলেছেন তিনি। বিষয়টি সমাধানের জন্য দুই পক্ষের সঙ্গে আলোচনা চলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিরোধ নিষ্পত্তির চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *