গৌরনদীতে ছাড়পত্র ছাড়াই লবণ কারখানা নির্মাণ, জনস্বাস্থ্য ও পরিবেশ নিয়ে উদ্বেগ

মোঃ মেহেদী হাসান।

গৌরনদী উপজেলায় প্রয়োজনীয় সরকারি অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই লবণ কারখানা স্থাপনের অভিযোগ উঠেছে। উপজেলার দক্ষিণ-পঁশ্চিম আধুনা এলাকায় ‘মেসার্স বরিশাল সল্ট ইন্ডাস্ট্রিজ’ নামে একটি লবণ কারখানা স্থাপনের কার্যক্রম চলছে। ইতোমধ্যে কারখানাটিতে উৎপাদনের জন্য বিভিন্ন যন্ত্রপাতি বসানো হচ্ছে বলে জানা গেছে।
গত ৬ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, কারখানাটির ভেতরে শ্রমিকরা উৎপাদনের বিভিন্ন যন্ত্রপাতি স্থাপনের কাজ করছেন। এতে প্রয়োজনীয় অনুমোদন ও ছাড়পত্র পাওয়ার আগেই কারখানাটির অবকাঠামো ও উৎপাদন প্রস্তুতির কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
প্রাপ্ত নথিতে দেখা যায়, প্রতিষ্ঠানটির নাম ‘মেসার্স বরিশাল সল্ট ইন্ডাস্ট্রিজ’। প্রতিষ্ঠানের ধরন প্রোপ্রাইটরশিপ এবং শিল্পের খাত খাদ্য ও খাদ্যজাত শিল্প। এর উপখাত হিসেবে লবণ শিল্প উল্লেখ রয়েছে। তবে নথিতে প্রতিষ্ঠানটির নিবন্ধনের প্রকৃতি ‘প্রস্তাবিত’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ রয়েছে, কারখানাটি স্থাপনের ক্ষেত্রে প্রয়োজনীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অনাপত্তি সনদ এবং পরিবেশ অধিদপ্তরের পরিবেশগত ছাড়পত্র নেই। এসব গুরুত্বপূর্ণ অনুমোদন ও সনদ ছাড়াই কারখানায় উৎপাদনের যন্ত্রপাতি স্থাপন করা হচ্ছে।
এ অবস্থায় প্রয়োজনীয় সরকারি অনুমোদন, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা এবং পরিবেশগত ছাড়পত্র ছাড়া কীভাবে কারখানা স্থাপনের কার্যক্রম এগিয়ে চলছে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয়দের আশঙ্কা, যথাযথ পরিবেশগত ব্যবস্থা ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত না করে কারখানাটি চালু করা হলে জনস্বাস্থ্য, পরিবেশ ও কৃষিজমির ওপর বিরূপ প্রভাব পড়তে পারে।
চন্দ্রহার বাজার কমিটির সভাপতি মোহাম্মদ সরোয়ার প্যাদা জানান, অনুমোদনহীন লবণ কারখানা এ এলাকায় স্থাপন করা হলে মৎস্য খাত ও কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এতে স্থানীয় কৃষক ও মৎস্যচাষিরা ক্ষতিগ্রস্ত হতে পারেন বলেও তিনি উদ্বেগ প্রকাশ করেন।
এ বিষয়ে কারখানার মালিকপক্ষের মুহাম্মদ বাবু জানান, প্রয়োজনীয় কাগজপত্রের জন্য আবেদন করা হয়েছে। সময় হলে সব কাগজপত্র পাওয়া যাবে। তবে অনুমোদন ও ছাড়পত্র পাওয়ার আগেই কারখানার কাজ চলমান থাকার বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিম জানান, কারখানাটির ফায়ার সার্ভিসের অনুমোদন নেই, পরিবেশ অধিদপ্তরেরও অনুমোদন নেই। অনুমোদনবিহীন এই কারখানার কার্যক্রম কীভাবে চলছে, তা তদন্ত করে দেখা হবে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
স্থানীয় বাসিন্দা মোঃ মতলেব ও সচেতন মহলের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত তদন্ত করে কারখানাটির নিবন্ধন, ফায়ার সার্ভিসের অনাপত্তি সনদ এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র যাচাই করা হোক। প্রয়োজনীয় অনুমোদন ছাড়া কারখানার কার্যক্রম পরিচালিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *