নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা ঠেকাতে চট্টগ্রামে জামায়াতের মোটরসাইকেল শোডাউন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের তৎপরতা ঠেকানো এবং অবরোধের নামে অগ্নিসংযোগ ও সহিংসতার প্রতিবাদে চট্টগ্রাম নগরে মোটরসাইকেল শোডাউন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নগরের বহদ্দারহাট মোড় থেকে মোটরসাইকেল র‍্যালিটি শুরু হয়। যুব বিভাগ চট্টগ্রাম মহানগরীর সভাপতি মুহাম্মদ শামসুজ্জামান হেলালীর নেতৃত্বে র‍্যালিটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামাল খান এলাকায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
র‍্যালিতে শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। এ সময় অংশগ্রহণকারীরা অবরোধের নামে অগ্নিসংযোগ, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন যুব বিভাগ চট্টগ্রাম মহানগরীর সহসভাপতি মুহাম্মদ শফিউল আলম, সেক্রেটারি আ ন ম জোবায়েরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
র‍্যালি শেষে মুহাম্মদ শামসুজ্জামান হেলালী বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের জানমাল ও জননিরাপত্তা বিপন্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *