
স্থানীয় পর্যায়ে মানবাধিকার সুরক্ষা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং নাগরিকদের বিভিন্ন সমস্যা সমাধানে সচেতনতা ও কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বরিশালের গৌরনদীতে ‘নাগরিক উদ্যোগ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) বেলা ১১টায় গৌরনদীর আরজে অ্যান্ড মেডিয়েশন সেন্টারে ‘নাগরিক উদ্যোগ’-এর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন তাসলিমা পারভীন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগ বরিশালের আঞ্চলিক সমন্বয়কারী সুপ্রিয় দত্ত। এছাড়া উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগ গৌরনদীর প্রোগ্রাম অফিসার মো. কাসেম, ব্র্যাকের অফিসার আছমা আক্তারসহ বিভিন্ন এনজিও ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
মতবিনিময় সভায় গৌরনদী উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষের নানা সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে জমি-সংক্রান্ত বিরোধ, পারিবারিক সমস্যা, বাল্যবিবাহসহ স্থানীয় পর্যায়ে নাগরিকদের বিভিন্ন সামাজিক ও মানবাধিকার-সংক্রান্ত বিষয় গুরুত্ব পায়।
আলোচকরা বলেন, এসব সমস্যা অনেক সময় দীর্ঘদিন ধরে চলতে থাকে এবং সঠিক দিকনির্দেশনা ও সহযোগিতার অভাবে ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। তাই সাধারণ মানুষের সমস্যাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া জরুরি।
‘নাগরিক উদ্যোগ’ স্থানীয় পর্যায়ে নাগরিকদের অধিকার সম্পর্কে সচেতন করা, মানবাধিকার সুরক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় নাগরিক সমাজের ভূমিকা আরও শক্তিশালী করাও সংগঠনটির অন্যতম লক্ষ্য।
সভায় বক্তারা “স্থানীয় পর্যায়ে মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে নাগরিক সমাজের ভূমিকা ও করণীয়”—এই মূল ভাবনাকে সামনে রেখে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সামাজিক সমস্যা সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় সমস্যা সমাধানে পারস্পরিক সহযোগিতা ও সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।