
মোঃ মেহেদী হাসান।
নিরাপদ খাদ্য ও নিরাপদ ওষুধ নিশ্চিতকরণ এবং মাদক প্রতিরোধে বরিশালের গৌরনদীতে পৃথক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৩১ আগস্ট) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে বিভিন্ন খাদ্য উৎপাদন ও বিক্রয় প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট ও ফার্মেসি পরিদর্শন করা হয়।
অভিযানকালে গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ক্যান্টিনের খাবার পরিদর্শন করে সংশ্লিষ্টদের নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতন ও সতর্ক করা হয়।
এ সময় একটি রেস্টুরেন্টে খাবারে ক্ষতিকর রং ব্যবহার করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর একটি খাদ্য উৎপাদনকারী কারখানায় উৎপাদিত খাবারের স্থানে পাখির মল পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া দুটি ফার্মেসিতে নির্ধারিত তাপমাত্রায় রেফ্রিজারেটর ব্যবহার না করে ওষুধের গুণগত মান নিশ্চিত না করা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একইদিন মাদক প্রতিরোধে গৌরনদীর টরকী চাতাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকাসক্ত একজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানানো হয়।
অভিযানকালে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয় এবং নিরাপদ খাদ্য, ওষুধ সংরক্ষণ ও বিক্রয় এবং মাদকবিরোধী আইন ও বিধিবিধান সম্পর্কে সংশ্লিষ্টদের সচেতন করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিদর্শক এবং স্যানিটারি ইন্সপেক্টর।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ খাদ্য ও ওষুধ নিশ্চিতকরণ এবং মাদক প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে