
নিজস্ব প্রতিবেদকঃ
সারাদেশে মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে চলমান চিরুনি অভিযানের ধারাবাহিকতায় বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তারিক হাসান রাসেলের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে গত ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গৌরনদী থানাধীন লাখেরাজ কসবা সাকিনস্থ হযরত মল্লিক দূত কুমার পীর সাহেবের মাজার গেট সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ ফারুক উকিল (৫৫)। তিনি গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুর এলাকার বাসিন্দা। পুলিশ তার কাছ থেকে ১০২ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ফারুক উকিলের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন আইনে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলার নথি ও আদালতে বিচারাধীন/এজাহারভুক্ত মামলার তথ্যও পুলিশের পর্যালোচনায় পাওয়া গেছে।
এ ঘটনায় গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে গৌরনদী মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযানকে আরও জোরদার করার কথা জানিয়েছেন সচেতন মহল।