
মোঃ মেহেদী হাসান।
গৌরনদী পৌরসভার নাগরিকদের পৌর ট্যাক্স নির্ধারণ নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা বিরূপ মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জনাব মোঃ ইব্রাহিম।
সোমবার (১৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে পৌরসভার সকল নাগরিকের সদয় অবগতির জন্য জানানো হয়, পৌর ট্যাক্স নির্ধারণের ক্ষেত্রে কোনো নাগরিকের মনে হলে তার ট্যাক্স বেশি নির্ধারণ করা হয়েছে, তাহলে তিনি আবেদন করতে পারবেন। আবেদন পাওয়ার পর বিষয়টি যাচাই করে ট্যাক্স সঠিকভাবে নির্ধারণ করে দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বিষয়ে কারও কোনো তদবির বা সুপারিশের প্রয়োজন নেই। তাই পৌর ট্যাক্স নির্ধারণের বিষয়টি নিয়ে সরকারকে জড়িয়ে কোনো ধরনের বিরূপ মন্তব্য না করার জন্য সকল নাগরিককে অনুরোধ করা হয়েছে।