‘গোপন চ্যাট’ বিক্রি করবে দুই কোটি মানুষের, দেউলিয়ার পথে এআই কোম্পানি

কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবটের সঙ্গে ব্যক্তিগত কিংবা গোপন কথা বলছেন? কখনো ভেবেছেন, প্রতিষ্ঠানটি দেউলিয়া হয়ে গেলে এসব কথোপকথনের কী হবে? এবার এমনই উদ্বেগ তৈরি করেছে চ্যাটবট নির্মাতা প্রতিষ্ঠান ক্যারেক্টার এআই (Character.AI)।
ক্যারেক্টার এআই যুক্তরাষ্ট্রের একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট নির্মাতা প্রতিষ্ঠান। এর সদর দপ্তর ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে। ২০২১ সালে গুগলের সাবেক দুই প্রকৌশলী নোয়াম শাজির ও ড্যানিয়েল ডি ফ্রেইটাস প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন।
দেউলিয়া হওয়ার পর প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের ২ কোটি ১০ লাখের বেশি অ্যাকাউন্টের ব্যক্তিগত কথোপকথন ও সংবেদনশীল তথ্য নিলামে বিক্রির পরিকল্পনা করেছে। এর মধ্যে ২১ লাখের বেশি অ্যাকাউন্ট অপ্রাপ্তবয়স্কদের। এই নিলাম ঠেকাতে আইনি পদক্ষেপ নিয়েছেন যুক্তরাষ্ট্রের ৪২ জন অ্যাটর্নি জেনারেল।
আগামী ১ ডিসেম্বর এই নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কথোপকথনের পাশাপাশি ব্যবহারকারীদের আইপি ঠিকানাসহ অন্যান্য ব্যক্তিগত তথ্যও বিক্রির পরিকল্পনা রয়েছে।
গত অক্টোবরে দেউলিয়া সুরক্ষার আবেদন করে ক্যারেক্টার এআই। এর আগে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বিক্রি করা হবে না বলে আশ্বাস দিয়েছিল প্রতিষ্ঠানটি।
অ্যাটর্নি জেনারেলদের অভিযোগ, নিলামের শর্তে ব্যবহারকারীদের তথ্য সুরক্ষার পর্যাপ্ত ব্যবস্থা নেই। তথ্য কিনে নেয়া প্রতিষ্ঠান বিদ্যমান গোপনীয়তা নীতি মানতে বাধ্য থাকবে না। এমনকি ব্যবহারকারীদের না জানিয়েই এসব তথ্য আবার বিক্রি করতে পারবে।
ব্যবহারকারীদের কথোপকথনে যৌন বিষয়, আত্মক্ষতি, খাদ্যাভ্যাসজনিত সমস্যা ও আত্মহত্যার চিন্তার মতো সংবেদনশীল বিষয়ও উঠে এসেছে। অনেক তরুণ ব্যবহারকারী চ্যাটবটের সঙ্গে ব্যক্তিগত সমস্যাও শেয়ার করেছেন। অ্যাটর্নি জেনারেলদের আশঙ্কা, এসব তথ্য কোনো প্রতিষ্ঠানের হাতে গেলে ব্যবহারকারীদের গোপনীয়তা ও নিরাপত্তা ঝুঁকিতে পড়বে।
ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বনটার বক্তব্য, দেউলিয়াত্বের সুযোগ নিয়ে ভোক্তা সুরক্ষা আইন এড়িয়ে যাওয়া উচিত নয়।
অ্যাটর্নি জেনারেলরা শিশুদের কথোপকথন ও অন্যান্য সংবেদনশীল তথ্য বিক্রির তালিকা থেকে বাদ দেয়ার পাশাপাশি ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করতে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন।
সূত্র: টেকক্রাঞ্চ ও ইলিনয়ের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ওয়েবসাইট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *