জাপান সফর শেষে দেশে ফেরার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে কারিগরি ত্রুটি ধরা পড়েছে। এর ফলে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর ঢাকাগামী ফ্লাইটটি বিলম্বিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় রানওয়েতে উড্ডয়নের চূড়ান্ত প্রস্তুতির সময় এ যান্ত্রিক গোলযোগ দেখা দেয় বলে ইউএনবি সূত্রে জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে উড়োজাহাজটি টার্মিনাল ত্যাগ করে রানওয়ের দিকে এগোতে থাকে। তবে উড্ডয়ন করার মুহূর্তেই রানওয়েতে হঠাৎ থমকে যায় বিমানটি। এর প্রায় ১৫ মিনিট পর ফ্লাইটের পাইলট ইমামুল যাত্রীদের উদ্দেশ্যে ঘোষণা দেন যে, কারিগরি ত্রুটির কারণে আপাতত উড্ডয়ন সম্ভব হচ্ছে না।
তিনি আরও জানান, বিমানের প্রকৌশলীরা দ্রুত ত্রুটি মেরামতের কাজ করছেন এবং সমস্যার সমাধান হওয়া মাত্রই আবার যাত্রা শুরু করা হবে। পরবর্তীতে নিরাপত্তার খাতিরে উড়োজাহাজটিকে ঘুরিয়ে পুনরায় টারমাকে ফিরিয়ে আনা হয়।
উড়োজাহাজটিতে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গী উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সদস্যরা রয়েছেন।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ অক্টোবর চার দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও পৌঁছান প্রধানমন্ত্রী। সফর শেষে নির্ধারিত সূচি অনুযায়ী স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় টোকিও থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা ছিল তাঁদের। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, বাংলাদেশ সময় রাত ১০টা ৩৫ মিনিটে ফ্লাইটটির ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল।












Leave a Reply