
বরিশাল নগরীতে একদিনের ব্যবধানে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। নিখোঁজ দুই শিক্ষার্থী হলো—এ আর এস স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী মুনিয়া আক্তার এবং কালেক্টর স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী সৌরভ দাস।
জানা গেছে, গত ১ মে সাগরদী এলাকা থেকে মুনিয়া আক্তার নিখোঁজ হয়। এর পরদিন ২ মে ভাটিখানা এলাকার নিজ বাসা থেকে নিখোঁজ হয় সৌরভ দাস। এ ঘটনায় দুই শিক্ষার্থীর অভিভাবক সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করেছেন।
নিখোঁজের ঘটনায় পরিবারগুলোর মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। একই সঙ্গে নগরবাসীর মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত শিক্ষার্থীদের সন্ধান ও ঘটনার রহস্য উদ্ঘাটনে কার্যকর পদক্ষেপ নিতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে নগরবাসী এ ঘটনায় পুলিশের সুস্পষ্ট বক্তব্য ও দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করছে।