
লক্ষ্মীপুরের কমলনগরে প্রকাশ্যে শিয়াল হত্যা করে এর মাংস বিক্রির চেষ্টার অভিযোগে ইব্রাহিম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৩ আগস্ট) আড়াইটার দিকে উপজেলার চর মার্টিন ইউনিয়নের মুজিবগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করে কমলনগর থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
স্থানীয়রা জানান, মুজিবগঞ্জ বাজারের পাশে একটি জালে শিয়ালটি আটকা পড়ার পর ইব্রাহিম সেটি জবাই করে মাংস বিক্রির চেষ্টা করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত উজ জামান জানান, বনপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী লাইসেন্স বা পারমিট ছাড়া কোনো বনপ্রাণী হত্যা, মাংস দখলে রাখা, কেনাবেচা বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।