
চুয়াডাঙ্গার জীবননগরে সিজারের চার দিন পর এক প্রসূতির মৃত্যুর ঘটনায় নিউ সেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১২সেপ্টেম্বর) বেলা ১১টায় জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া সুলতানা এ্যানি এ জরিমানা করেন।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া সুলতানা এ্যানি বলেন, অপারেশনের চার দিন পর এক প্রসূতি মায়ের মৃত্যুর সংবাদ শুনে এখানে ভ্রাম্যমাণ অভিযান চালানো হয়। ক্লিনিকের লাইসেন্স ও স্বাস্থ্যসেবার মান যাচাই-বাছাই করা হয়।
তিনি বলেন, প্রতিষ্ঠানটির লাইসেন্স না থাকায় বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ অনুযায়ী পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সবাইকে দ্রুত বের করে ক্লিনিকে তালা লাগিয়ে দেওয়া হয়।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ফাহমিদা আক্তার রুনা, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখসহ থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।