১০ বছরের সততার পুরস্কার হিসেবে চালককে ট্রাক উপহার দিলেন মালিক!

দীর্ঘ ১০ বছরের সততা, নিষ্ঠা ও বিশ্বস্ততার স্বীকৃতিস্বরূপ নিজের প্রতিষ্ঠানের এক চালককে একটি ট্রাক উপহার দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ভারতের মধ্যপ্রদেশের এক পরিবহন ব্যবসায়ী। রাজ্যের সাগর জেলার যাদব ট্রান্সপোর্টের মালিক ও সাবেক সেনাসদস্য অমিত যাদব তার দীর্ঘদিনের কর্মী শিবম পণ্ডিতকে এই উপহার দিয়েছেন।

সম্প্রতি সাগরের সদর এলাকায় যাদব ট্রান্সপোর্টের উদ্যোগে চালক ও কর্মীদের সম্মাননা জানাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে কর্মদক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে চালকদের ৫ হাজার থেকে ৭০ হাজার রুপি পর্যন্ত নগদ পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া কয়েক শ কর্মীকেও আর্থিক পুরস্কারে সম্মানিত করা হয়।

অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত ছিল শিবম পণ্ডিতকে ট্রাক উপহার দেওয়ার ঘোষণা। মাত্র ১৮ বছর বয়সে প্রতিষ্ঠানটিতে কাজ শুরু করেন শিবম। দীর্ঘ এক দশক দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে অবশেষে তিনি নিজেই একটি ট্রাকের মালিক হওয়ার সুযোগ পেলেন।

অমিত যাদব জানান, সেনাবাহিনীতে ১৬ বছর দায়িত্ব পালনের অভিজ্ঞতা থেকে তিনি কর্মীদের সম্মান করার গুরুত্ব শিখেছেন। ২০২১ সাল থেকে প্রতিবছর চালকদের সম্মাননায় এ ধরনের আয়োজন করছেন তিনি। তার মতে, দেশের সুরক্ষায় সেনাসদস্যদের মতো পরিবহন খাতের চালকেরাও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাই তিনি চালকদের কর্মচারী নয়, নিজের সৈনিক হিসেবে বিবেচনা করেন।

অনুষ্ঠানে চালকদের কল্যাণে পৃথক কমিশন গঠন, জীবন ও দুর্ঘটনা বিমা এবং মহাসড়কে পর্যাপ্ত বিশ্রাম সুবিধা নিশ্চিত করার দাবিও জানান অমিত যাদব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *