
কুড়িগ্রামে ‘ভিশন এন্টারপ্রাইজ’ ব্যবসার নামে প্রায় ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার সাবেক ও বর্তমান নেতার বিরুদ্ধে। এসব টাকা উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ‘ভুক্তভোগী মাজলুম পরিবার’-এর ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে বক্তব্য দেন তৈয়ব আলী, নোমান বিল্লাহ, মাহফুজুল ইসলাম, জাহিদুল ইসলাম, সাজ্জাদ হোসেন, রুহুল আমীনসহ অনেকেই।
বক্তারা অভিযোগ করেন, ‘ভিশন এন্টারপ্রাইজ’ নামে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার কথা বলে জামায়াতের সহ-সেক্রেটারি শাহজালাল সবুজ, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, রোকন আব্দুস সালাম সুজা এবং কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক বায়তুল মাল সদস্য রফিকুল ইসলাম ১৫০ ব্যক্তির কাছ থেকে ১২ কোটি টাকা নিয়ে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।পরবর্তীতে ওই টাকা ফেরত না দিয়ে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ভুক্তভোগীরা তাদের টাকা ফেরত পাওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেও কাঙ্ক্ষিত প্রতিকার পাননি। এতে অনেক পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে।
মানববন্ধন থেকে বক্তারা অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন, ভুক্তভোগীদের টাকা উদ্ধার এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।এ নিয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হলে এবং মামলায় ওয়ারেন্ট ইস্যু হলেও অদৃশ্য কারণে প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে মানববন্ধনে অভিযোগ করা হয়।
বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করে বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ন্যায্য পাওনা ফেরত দেওয়ার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। পরিবারগুলোর ন্যায়সংগত দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাবেন।