
শফিকুল ইসলাম:
বরিশালের আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুর রইচ সেরনিয়াবাতকে (৭৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুর রইচ সেরনিয়াবাত ওই এলাকার মৃত সেকেন্দার আলী সেরনিয়াবাতের ছেলে। তিনি আগৈলঝাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সেরাল গ্রামে জনমনে আতঙ্ক সৃষ্টি করে সড়কে মিছিল করার প্রস্তুতি নেন স্থানীয় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উক্ত ঝটিকা মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় আগৈলঝাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। আব্দুর রইচ সেরনিয়াবাত এই মামলার অজ্ঞাতনামা পলাতক আসামি ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।