ঢাকা-বরিশাল মহাসড়কে ভয়াবহ যানজট, চরম দুর্ভোগে ঘরমুখো মানুষ

বাংলার বার্তা ডেস্কঃ

ঈদুল আযহার ছুটির শেষে রাজধানীমুখো মানুষের ঢলে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে ঢাকা-বরিশাল মহাসড়কে। শুক্রবার (১৩ জুন) দুপুরের দিকে গৌরনদীর ভুরঘাটা বাসস্ট্যান্ড থেকে বরিশালের নতুল্লাবাদ বাসটার্মিনাল পর্যন্ত প্রায় ৪৫ কিলোমিটার দীর্ঘ সড়কে থেমে থেমে যানজট দেখা যায়।

এই দীর্ঘ যানজটে আটকে পড়ে রয়েছে দূরপাল্লার যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও অন্যান্য যানবাহন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু, নারী ও বৃদ্ধ যাত্রীরা। তীব্র গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।

গৌরনদী জিরোপয়েন্ট থেকে শুরু করে মহাসড়কের দক্ষিণ, পূর্ব এবং বরিশাল-গোপালগঞ্জ-খুলনা আঞ্চলিক মহাসড়কের পশ্চিম প্রান্ত পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের তীব্রতা সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে।

গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান আমিন জানান, “মহাসড়কে ওভারটেকিং, রাস্তার পাশে অবৈধ স্থাপনা এবং থ্রি-হুইলার চলাচলের কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। হাইওয়ে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে জনদুর্ভোগ কমাতে এবং অবৈধ যানবাহন নিয়ন্ত্রণসহ সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে।”

যাত্রীদের অনেকে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *